https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জয়ের প্রয়োজন ছিল না, একটি ড্রই যথেষ্ট ছিল। সেই লক্ষ্য পূরণ করেই গ্রুপ ‘কে’-এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে কলম্বিয়া। মায়ামি স্টেডিয়ামে পর্তুগালের বিপক্ষে গোলশূন্য ড্র করে শীর্ষস্থান ধরে রেখেছে নেস্তর লোরেনসোর দল।
অন্যদিকে, জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল পর্তুগালের। তবে গোলশূন্য ড্রয়ে সেই সম্ভাবনা শেষ হলেও রানার্স-আপ হিসেবে শেষ ৩২-এ ওঠার জন্য এই ফলই যথেষ্ট হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দলের।
গ্রুপ পর্বে অপরাজিত থাকল কলম্বিয়া। প্রথম দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট অর্জনের পর শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে এক পয়েন্ট যোগ করে সাত পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে তারা।
রানার্স-আপ হওয়ায় নকআউট পর্বে পর্তুগালের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এল’-এর দ্বিতীয় স্থান অর্জনকারী ক্রোয়েশিয়া। অন্যদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া শেষ ৩২-এ মুখোমুখি হবে ঘানার।
এই বিশ্বকাপে ইতোমধ্যেই ইতিহাস গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপ আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন রেকর্ড গড়ার পর এবার তার লক্ষ্য দলকে আরও দূর পর্যন্ত নিয়ে যাওয়া।
অন্যদিকে, লুইস দিয়াজের দুর্দান্ত ফর্ম এবং গোছানো দলগত পারফরম্যান্সে আত্মবিশ্বাসী কলম্বিয়া নকআউট পর্বে শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই নিজেদের অবস্থান আরও শক্ত করেছে।