https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজন হলে সামরিকভাবে অভিযান সম্পন্ন করা হবে এবং সেক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরানের অস্তিত্ব থাকবে না।
শনিবার (২৮ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।
পোস্টে তিনি দাবি করেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, “খুব সম্ভবত তারা (ইরান) কখনোই শিক্ষা নেবে না।”
ট্রাম্প আরও বলেন, এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে যখন যুক্তরাষ্ট্র আর সংযত অবস্থানে থাকতে পারবে না এবং শুরু করা সামরিক অভিযান সম্পন্ন করতে বাধ্য হবে। সে ক্ষেত্রে ইরানের অস্তিত্ব টিকে থাকবে না বলেও হুমকি দেন তিনি।
এদিকে, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনার পর শনিবার টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর আগে শুক্রবারও দেশটিতে হামলার কথা জানানো হয়।
সাম্প্রতিক এসব হামলা এমন সময়ে ঘটছে, যখন গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পর প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি নতুন করে সংকটের মুখে পড়েছে।