https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
পাকিস্তানের করাচিতে সিন্ধু রেঞ্জার্সের সদর দপ্তরে সশস্ত্র হামলায় তিন নিরাপত্তাকর্মী ও চার হামলাকারী নিহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় শহরের গুলিস্তান-ই-জওহর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
সিন্ধু পুলিশের মহাপরিদর্শক (আইজি) জাভেদ আলম ওধো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে হামলাকারীরা রেঞ্জার্স সদর দপ্তরের প্রধান ফটকে আঘাত করে। এরপর ভারি অস্ত্রে সজ্জিত কয়েকজন হামলাকারী ভেতরে প্রবেশ করে। তবে বিস্ফোরণ ঘটেছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হামলার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। বিশেষ নিরাপত্তা ইউনিট (এসএসইউ), অ্যান্টি-টেররিস্ট ফোর্স ও রেঞ্জার্স সদস্যরা যৌথ অভিযান চালান। এতে চার হামলাকারী নিহত হয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ হামলার ঘটনায় প্রতিবেদন চেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা বেড়েছে।