https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ২৯ জনকে হত্যা করেছে বলে দাবি করেছে দেশটির সরকার। রোববার রাতে পরিচালিত এই অভিযানে নিহতরা নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) ও এর সহযোগী গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান ও সিন্ধ প্রদেশে সাম্প্রতিক জঙ্গি হামলার জবাবে নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। তাঁর দাবি, নিহতদের মধ্যে টিটিপির সহযোগী সংগঠন জামাতুল আহরারের শীর্ষ কমান্ডার খান ফারোশ ওরফে আকা জাবালও রয়েছেন।
পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, করাচিতে রেঞ্জার্স সদর দপ্তরে হামলায় তিন কর্মকর্তা নিহত হওয়ার পর এ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই হামলার পর পাল্টা অভিযানে তিন হামলাকারী নিহত এবং একজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জামাতুল আহরারের সদস্য বলে স্বীকার করেছেন বলে দাবি করেছে আইএসপিআর।
পাকিস্তানের তথ্যমন্ত্রী জানান, বাজাউর সীমান্তের ওপারে টিটিপি ও জামাতুল আহরারের ঘাঁটি লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি চলমান ‘অপারেশন গজব-লিল হক’-এর অংশ।
পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপিকে আশ্রয় ও সহায়তা দিচ্ছে। তবে কাবুল বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। টিটিপিকে ঘিরে দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।