গত সপ্তাহে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধসে পড়েছে বলে স্যাটেলাইট তথ্য বিশ্লেষণে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় পরিচালিত এই বিশ্লেষণে ক্ষয়ক্ষতির ব্যাপকতা প্রকাশ পেয়েছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। সরকারি হিসাবে, এ দুর্যোগে এখন পর্যন্ত অন্তত এক হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। গত এক শতাব্দীতে এটিকে ভেনেজুয়েলার সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরে স্কার ও জেমন ভন ডেন হোয়েক জানান, ২৫ জুন সংগৃহীত স্যাটেলাইট রাডার তথ্য বিশ্লেষণ করে তারা প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবনে ক্ষয়ক্ষতি বা ধ্বংসের চিহ্ন শনাক্ত করেছেন। এ বিশ্লেষণে ইউরোপীয় মহাকাশ সংস্থার উচ্চ রেজোলিউশনের রাডার চিত্র ব্যবহার করা হয়েছে।

গবেষকদের ভাষ্য অনুযায়ী, এটি একটি প্রাথমিক মূল্যায়ন। স্যাটেলাইট চিত্রে ভূমির পৃষ্ঠে আকস্মিক পরিবর্তনের যে লক্ষণ দেখা গেছে, তা ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ইঙ্গিত দেয়। তবে প্রকৃত পরিস্থিতি নির্ধারণে মাঠপর্যায়ের যাচাইকে বেশি গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তারা।

অন্যদিকে, ভেনেজুয়েলা সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

গবেষকদের স্যাটেলাইটভিত্তিক প্রাথমিক বিশ্লেষণ এবং সরকারের প্রকাশিত ক্ষয়ক্ষতির পরিসংখ্যানে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ফলে প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণে আরও বিস্তারিত মূল্যায়নের প্রয়োজন হতে পারে।