https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে এবার ব্রাজিলের সামনে দাঁড়িয়েছে নরওয়ে। মঙ্গলবার আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউটে জায়গা করে নেয় স্ক্যান্ডিনেভিয়ানরা। বাংলাদেশ সময় আগামী সোমবার রাত ৩টায় দুই দল মুখোমুখি হবে, যেখানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য হালান্ডদের দল বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচে তিনটি জয় পেয়েছে নরওয়ে। এই সময়ে তারা করেছে ১০ গোল, বিপরীতে হজম করেছে ৮টি। তাদের একমাত্র হার এসেছে ফ্রান্সের বিপক্ষে ৪-১ ব্যবধানে। তবে সেই ম্যাচে নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়ে রিজার্ভ দল খেলিয়েছিল নরওয়ে।
দলটির সবচেয়ে বড় শক্তি আক্রমণভাগ। পাঁচ গোল করা আর্লিং হালান্ড এবং সৃজনশীল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় হুমকি। তবে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির ভরসা অভিজ্ঞ ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে হালান্ডের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।
নরওয়ের আরেকটি বড় অস্ত্র তাদের উচ্চতা ও শারীরিক সক্ষমতা। হালান্ড, আলেকজান্ডার সোরলথ, প্যাট্রিক বার্গ, ক্রিস্টোফার আয়ার ও লিও হেগেম—সবাই লম্বা গড়নের ফুটবলার। ফলে কর্নার, ফ্রি-কিক কিংবা উঁচু বলের পরিস্থিতিতে ব্রাজিলকে বাড়তি সতর্ক থাকতে হবে। অন্যদিকে ব্রাজিলের সম্ভাব্য একাদশে সবচেয়ে লম্বা খেলোয়াড় গ্যাব্রিয়েল মাগালহায়েস।
নরওয়ে সাধারণত আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে। তাই জাপানের মতো রক্ষণে গুটিয়ে না থেকে তারা ব্রাজিলের বিপক্ষেও সুযোগ পেলেই আক্রমণে উঠবে। এতে অবশ্য ব্রাজিলের দ্রুতগতির ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র, রায়ান ও অন্য ফরোয়ার্ডদের জন্য পাল্টা আক্রমণে জায়গা তৈরি হতে পারে।
রক্ষণে কিছু দুর্বলতাও রয়েছে নরওয়ের। সেনেগালের বিপক্ষে দুই গোল এবং ইরাকের বিপক্ষে একটি গোল হজম করেছে তারা। ফ্রান্সের বিপক্ষেও চার গোল খেয়েছে, যদিও সেই ম্যাচে মূল একাদশের অনেকেই বিশ্রামে ছিলেন।
ব্যক্তিগত মানের বিচারে নরওয়ের স্কোয়াডে হালান্ড ও ওডেগার্ড ছাড়া খুব বেশি তারকা নেই। বিভিন্ন অবস্থানভিত্তিক তুলনায় আইভরি কোস্টের বিপক্ষেও তাদের শক্তির ঘাটতি দেখা গিয়েছিল। সব মিলিয়ে নরওয়ে শক্ত প্রতিপক্ষ হলেও কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলই তুলনামূলকভাবে ফেবারিট হিসেবেই মাঠে নামবে।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | 31 | |||||