https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় জানাতে শনিবার সকাল থেকেই রাজধানী তেহরানের গ্র্যান্ড মসাল্লা প্রাঙ্গণে মানুষের ঢল নামে। আনুষ্ঠানিক জানাজার আগেই বিশাল প্রাঙ্গণটি লাখো শোকাহত মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, নির্ধারিত কর্মসূচি শুরুর অনেক আগেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গ্র্যান্ড মসাল্লায় জড়ো হতে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শুধু মূল প্রাঙ্গণই নয়, আশপাশের এলাকাও মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়। প্রয়াত নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জানাজাকে ঘিরে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা নেয় ইরানি কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সীমিত করায় অনেককেই কয়েক কিলোমিটার পথ হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে হয়।
এএফপির আরেকজন সাংবাদিক জানান, দীর্ঘ পথ হেঁটেও মানুষের আগ্রহে কোনো ভাটা পড়েনি। শেষবারের মতো আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মানুষের স্রোত অব্যাহত ছিল।
জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় শোকযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় এই শেষকৃত্য অনুষ্ঠানে বিপুল জনসমাগমের সাক্ষী হলো তেহরান।