https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
ইউরোপজুড়ে বয়ে যাওয়া ভয়াবহ তাপপ্রবাহে মাত্র আট দিনে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অন্তত ৩ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে। তিন দেশের সরকারি তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ইউরোপের সবচেয়ে তীব্র তাপপ্রবাহগুলোর একটি, যার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট।
গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা বিরাজ করে। তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়, উৎপাদনে বিঘ্ন ঘটে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং স্বাস্থ্যব্যবস্থার ওপরও বাড়তি চাপ তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, ইউরোপের স্বাভাবিক জলবায়ুর তুলনায় এই তাপমাত্রা ছিল অনেক বেশি, যা ঝুঁকিপূর্ণ মানুষের জন্য প্রাণঘাতী হয়ে ওঠে।
সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ফ্রান্সে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, আট দিনের তাপপ্রবাহে অতিরিক্ত ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। বিশেষ করে ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তার ভাষায়, সরকারিভাবে যে সংখ্যা পাওয়া গেছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে।
বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৯ জুনের মধ্যে দেশটিতে অতিরিক্ত ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৩০ জনের বয়স ৮৫ বছরের বেশি, ১৮০ জনের বয়স ৬৫ বছরের নিচে এবং বাকিরা ৬৫ বছরের ঊর্ধ্বে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গ্রীষ্মকালীন তাপপ্রবাহে এত বেশি অতিরিক্ত মৃত্যু এর আগে কখনও দেখা যায়নি।
নেদারল্যান্ডসেও তাপপ্রবাহের প্রভাব ছিল মারাত্মক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, আট দিনের এই তাপপ্রবাহে অতিরিক্ত ৪৮০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগের বয়স ছিল ৮০ বছরের বেশি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, মারা যাওয়া অধিকাংশ মানুষ আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তবে এই তীব্র তাপপ্রবাহ না হলে তাদের অনেকেই হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতে পারতেন। জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যতে এমন প্রাণঘাতী তাপপ্রবাহ আরও ঘন ঘন দেখা দিতে পারে বলেও সতর্ক করেছেন তারা।