https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য নতুন সেবা মাশুল চালুর পরিকল্পনার কথা জানিয়েছে ইরান। দেশটির দাবি, নতুন এ ব্যবস্থায় চীনসহ ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হবে।
শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে এ তথ্য জানান চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি।
তিনি বলেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা উন্নত করতে ওমানের সঙ্গে যৌথভাবে একটি নতুন কাঠামো তৈরির কাজ করছে তেহরান। এর আওতায় প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজ থেকে সেবা মাশুল নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে রাষ্ট্রদূত দাবি করেন, এটি প্রচলিত অর্থে কোনো ‘টোল’ নয়। তার ভাষ্য, হরমুজ প্রণালির একটি অংশ ইরানের জলসীমার মধ্যে হওয়ায় নিরাপত্তা, নৌযান চলাচল তদারকি এবং পরিবেশগত ব্যবস্থাপনার জন্য এ ধরনের সেবা মাশুল আরোপের পরিকল্পনা করা হচ্ছে।
ফাজলি আরও বলেন, যেসব দেশ ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে এবং সংকটের সময় তেহরানের পাশে ছিল, তাদের জন্য বিশেষ সুবিধা বিবেচনা করা হবে।
এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ-পরবর্তী প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে বাণিজ্যিক জাহাজকে ৬০ দিনের জন্য বিনা মাশুলে হরমুজ প্রণালি ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছিল। তবে ওই সময়সীমা শেষ হওয়ার পর নতুন ব্যবস্থার কার্যকারিতা কী হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
বিশ্বের অপরিশোধিত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংঘাতের সময় প্রণালিতে নৌচলাচল সীমিত হয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানির দামে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতার পর ইরান প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরায় চালু করে। বর্তমানে সংঘাতের স্থায়ী সমাধানে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।