শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দিদের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক বন্দি ও কারারক্ষী। দেশটির রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে অবস্থিত নেগোম্বো কারাগারে রোববার এই সংঘর্ষের সূচনা হয়। সোমবারও কারাগারের ভেতরে উত্তেজনা ও সহিংসতা অব্যাহত ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ও পুলিশ।
স্থানীয় টেলিভিশনের প্রচারিত ফুটেজে দেখা গেছে, কারাগারের বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে আহত বন্দিদের বহনকারী একটি পুলিশ বাসকে কারাগার থেকে বেরিয়ে যেতে দেখা যায়। বাসের ভেতরে বেশ কয়েকজন বন্দি রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন।
নেগোম্বো হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে অন্তত ১৬ জন বন্দি এবং ৪ জন কারারক্ষী রয়েছেন। হাসপাতালের পরিচালক পুষ্প গামলাথ জানিয়েছেন, এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ ২৩টি মরদেহ গ্রহণ করেছে। এছাড়া ১০০ জনের বেশি আহত বন্দি ও কারারক্ষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের মুখপাত্র চন্দনা হেরাথ কারাগারে সংঘর্ষ ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কারাগারের ভেতরে থাকা দুটি প্রতিদ্বন্দ্বী বন্দি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়। কারা কর্তৃপক্ষ দাবি করেছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে কীভাবে এত বড় প্রাণহানির ঘটনা ঘটল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ঘাটতি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন