ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশটির বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের ৭১ জন আইনপ্রণেতা। তারা গত সপ্তাহে দেশটির পররাষ্ট্র সচিব ইভেট কুপারের কাছে পাঠানো এক চিঠিতে এ দাবি জানান। স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ৭১ জন সংসদ সদস্য ও পিয়ার রয়েছেন। লেবার পার্টির সংসদ সদস্য নিল ডানকান-জর্ডানের নেতৃত্বে পাঠানো এ চিঠিতে লেবার পার্টির ৩০ জন সংসদ সদস্য এবং সাতজন পিয়ারও স্বাক্ষর করেন।
চিঠিতে বলা হয়, ফিলিস্তিনি বেসামরিক জনগণের বিরুদ্ধে সংঘটিত পদ্ধতিগত ও সুপ্রমাণিত নির্যাতনের চূড়ান্ত রাজনৈতিক দায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইসরায়েল সরকারের। এ অবস্থায় ইসরায়েলের দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটাতে নেতানিয়াহু এবং উপ-প্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।
আইনপ্রণেতারা উল্লেখ করেন, গত বছর কট্টর ডানপন্থি দুই মন্ত্রী ইতামার বেন-গাভির ও বেজালেল স্মোট্রিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা ফিলিস্তিনি বন্দিদের প্রতি ইসরায়েল সরকারের আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি। বরং এরপর থেকে নির্যাতনের মাত্রা আরও বেড়েছে বলে তারা দাবি করেন।

মন্তব্য করুন