ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ আজ পবিত্র কোম শহরে নেওয়া হবে। সেখানে জানাজার নামাজ শেষে অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় শোক র‍্যালি। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

কোমের গভর্নর জেনারেল আকবর বেহনামজু জানান, মঙ্গলবার সকাল ৬টায় পবিত্র জামকারান মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে। তিনি বলেন, অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, জানাজা শেষে শোক র‍্যালি পায়াম্বার-এ আজম বুলেভার্ড থেকে শুরু হয়ে হযরত মাসুমেহ (আ.)-এর পবিত্র মাজারের দিকে অগ্রসর হবে।

এর আগে সোমবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে দুই দিন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হয়। পরে সেখান থেকে একটি বৃহৎ শোক র‍্যালি বের করা হয়, যা সম্পন্ন হতে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগে। র‍্যালিটি দামাভান্দ স্ট্রিট, ইমাম হুসেন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার এবং শহীদ লাশগরি হাইওয়ে অতিক্রম করে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দেয়।