https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চীনে প্রায় ৩০ বছর ধরে বিপুল অঙ্কের ঘুষ নেওয়ার দায়ে সাবেক এক শীর্ষ সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুর্নীতির পরিমাণের দিক থেকে এটি দেশটির সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় মামলাগুলোর একটি।
সোমবার পূর্ব চীনের চ্যাংঝৌ শহরের একটি আদালত এ রায় দেন। আদালতের তথ্য অনুযায়ী, ৬৯ বছর বয়সী ইয়াং ইউলিন ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত নানজিংয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ক্ষমতার অপব্যবহার করে প্রকৌশল প্রকল্প, জমি হস্তান্তর ও অর্থায়নে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে ২২০ কোটি ইউয়ানের বেশি ঘুষ নেন, যার মূল্য প্রায় ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
শুধু ঘুষ গ্রহণই নয়, তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগও প্রমাণিত হয়েছে।
আদালত বলেন, দীর্ঘ কর্মজীবনে ইয়াং ইউলিন নানজিংয়ের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখলেও তার অপরাধের মাত্রা ছিল অত্যন্ত গুরুতর। এতে রাষ্ট্র ও জনগণের স্বার্থে অপূরণীয় ক্ষতি হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সাম্প্রতিক বছরগুলোতে এই অভিযানে সামরিক বাহিনী, ব্যাংকিং খাত এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বহু উচ্চপদস্থ কর্মকর্তা আইনের আওতায় এসেছেন। তবে সমালোচকদের অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করতেও এই অভিযান ব্যবহার করা হয়।