https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার অভিযোগ, আয়োজক দেশ হিসেবে ওয়াশিংটন নিয়ম লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বীদের ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে অন্যায্য আচরণ করছে।
বুধবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের আচরণ তাদের দীর্ঘদিনের ‘দাদাগিরি’ভিত্তিক পররাষ্ট্রনীতিরই প্রতিফলন।
পেজেশকিয়ান লেখেন, মার্কিন প্রশাসনের এই অবস্থান মূলত তাদের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন (মাগা)’ নীতির ধারাবাহিকতা। তিনি বলেন, ইরান এ ধরনের ‘নোংরা খেলা’ মেনে নেবে না এবং নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে।
ইরানি প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র হয়েছে।
সম্প্রতি মার্কিন বাহিনী ইরানের অভ্যন্তরে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। একই সঙ্গে ইরানের জ্বালানি তেল খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
এমন পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজনকে ঘিরেও দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার নতুন মাত্রা যোগ হলো। ইরানের অভিযোগ, ক্রীড়া আয়োজনের নিরপেক্ষতা বজায় রাখার পরিবর্তে যুক্তরাষ্ট্র রাজনৈতিক অবস্থানকে প্রাধান্য দিচ্ছে, যা আন্তর্জাতিক ক্রীড়া চেতনার পরিপন্থী।