https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গত প্রায় দুই বছর ধরে কিডনি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। সম্প্রতি তার বড় ধরনের অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও সংগীতশিল্পী বিন্দু কণা।
রোববার ইবরার টিপুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বিন্দু কণা জানান, দীর্ঘদিন ধরেই কিডনি ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন ইবরার টিপু। অস্ত্রোপচারের পর এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় তার কথা বলতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি দ্রুত সুস্থতার পথে এগিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ, ওর সেই কঠিন জার্নিটা এখন শেষ হয়েছে। এখন ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছে। সবাই দোয়া করবেন, যেন খুব দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরতে পারে।
বিন্দু কণা জানান, সম্প্রতি ইবরার টিপুর একটি ভিডিও প্রকাশের পর তার শারীরিক পরিবর্তন দেখে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এরপর থেকেই অসংখ্য মানুষ ফোন ও বার্তার মাধ্যমে তার খোঁজখবর নিচ্ছেন। তবে শারীরিক অবস্থার কারণে এখনই সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সুস্থ হয়ে উঠলে ইবরার টিপু নিজেই ভক্তদের সঙ্গে কথা বলবেন।
তিনি আরও জানান, শুরুতে পরিবার বিষয়টি প্রকাশ করতে চায়নি। কারণ, চিকিৎসা প্রক্রিয়া এত দীর্ঘ ও কঠিন হবে, তা তারা কল্পনাও করেননি। কিন্তু সাম্প্রতিক ভিডিও ঘিরে নানা গুঞ্জন ও ভুল বোঝাবুঝি তৈরি হওয়ায় বাস্তব পরিস্থিতি সবার সামনে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।