বিশ্বকাপের মহারণ শুরু হচ্ছে সেমিফাইনাল থেকে। প্রথম লড়াইয়েই মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি—ফ্রান্স ও স্পেন। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই হাইভোল্টেজ ম্যাচ।

দুই দলই দুর্দান্ত ছন্দে রয়েছে এবং তারকাসমৃদ্ধ স্কোয়াড নিয়ে মাঠে নামছে। তাই ম্যাচটিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ফুটবল বিশ্লেষকদের মতে, সামান্য ভুল কিংবা কোনো তারকা ফুটবলারের এক ঝলক ব্যক্তিগত নৈপুণ্যই নির্ধারণ করে দিতে পারে ম্যাচের ভাগ্য।

তবে ম্যাচের আগেই শুরু হয়েছে মনস্তাত্ত্বিক লড়াই। ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম কৌশলে নিজেদের ওপর থেকে ‘ফেভারিট’ তকমা সরিয়ে প্রতিপক্ষ স্পেনের কাঁধে চাপিয়ে দিয়েছেন।

ডালাসে যাওয়ার পথে সংবাদমাধ্যমকে দেশম বলেন, স্পেনকে আমরা খুব ভালোভাবেই চিনি। তারা বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। গত গ্রীষ্মে নেশনস লিগের সেমিফাইনালেও তাদের বিপক্ষে খেলেছি।

সাম্প্রতিক পরিসংখ্যানও স্পেনের পক্ষেই কথা বলছে। লুইস দে লা ফুয়েন্তের অধীনে সর্বশেষ দুই দেখায় ফ্রান্সকে হারিয়েছে স্প্যানিশরা—২০২৪ ইউরোর সেমিফাইনাল এবং ২০২৫ নেশনস লিগের সেমিফাইনালে।