ম্যাচের সময় প্রায় শেষ, গোলের জন্য মরিয়া স্পেন। ঠিক তখনই বদলি বেঞ্চ থেকে মাঠে নামেন মিকেল মেরিনো। আর কয়েক মিনিটের মধ্যেই বদলে দেন ম্যাচের চিত্র। চলমান বিশ্বকাপে শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে স্পেনকে সেমিফাইনালে তুলেছেন এই মিডফিল্ডার। তাই এখন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের ‘ম্যাজিক ম্যান’ হিসেবে পরিচিত মেরিনো।

পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৯১ মিনিটে একমাত্র জয়সূচক গোল করেন তিনি। এরপর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে মাত্র চার মিনিট মাঠে থেকে ৮৮ মিনিটে জালের দেখা পান, যা স্পেনকে ২-১ ব্যবধানে নাটকীয় জয় এনে দেয়।

সবচেয়ে অবাক করা বিষয়, দুই ম্যাচেই তিনি মাঠে ছিলেন মাত্র কয়েক মিনিট। কিন্তু সেই অল্প সময়েই ম্যাচের ভাগ্য বদলে দিয়ে নিজেকে প্রমাণ করেছেন ‘সুপার-সাব’ হিসেবে।

গত তিন মৌসুমে রিয়াল সোসিয়েদাদ, আর্সেনাল এবং স্পেন জাতীয় দলের হয়ে ম্যাচের ৮০ মিনিটের পর মেরিনো করেছেন ১২টি গোল। একজন মিডফিল্ডারের জন্য এই পরিসংখ্যান অসাধারণ। যদিও একই সময়ে হ্যারি কেইনের গোল ২৮টি এবং কিলিয়ান এমবাপের ২৬টি, তবুও শেষ মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষেত্রে মেরিনোর কার্যকারিতা অনেক বেশি।

৮০ মিনিটের পর করা তার ১২ গোলের মধ্যে ৮টিই সরাসরি ম্যাচের ফল নির্ধারণ করেছে—কখনও দলকে সমতায় ফিরিয়েছে, আবার কখনও এনে দিয়েছে মূল্যবান জয়। শেষ মুহূর্তে গোল করার হারে মেরিনোর সাফল্যের হার ৭৫ শতাংশ, যেখানে হ্যারি কেইনের হার ৩৬ শতাংশ।

ক্লাব ফুটবলেও শেষ দিকে গোল করে একাধিকবার নায়ক হয়েছেন তিনি। নিউক্যাসল ও লেস্টার সিটির বিপক্ষে আর্সেনালের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে ১১৯তম মিনিটের সেই স্মরণীয় গোল এখনও স্পেনের সমর্থকদের মনে অমলিন।

শেষ মুহূর্তে মেরিনোর উল্লেখযোগ্য গোল

  • রিয়াল সোসিয়েদাদ বনাম মায়োর্কা (২০২৪) — ৯৩ মিনিট
  • স্পেন বনাম জার্মানি (২০২৪ ইউরো) — ১১৯ মিনিট
  • আর্সেনাল বনাম লেস্টার সিটি (২০২৫) — ৮৭ মিনিট
  • স্পেন বনাম নেদারল্যান্ডস (২০২৫) — ৯৩ মিনিট
  • আর্সেনাল বনাম নিউক্যাসল (২০২৫) — ৮৪ মিনিট
  • আর্সেনাল বনাম ম্যানচেস্টার ইউনাইটেড (২০২৬) — ৮৪ মিনিট
  • স্পেন বনাম পর্তুগাল (২০২৬ বিশ্বকাপ) — ৯১ মিনিট
  • স্পেন বনাম বেলজিয়াম (২০২৬ বিশ্বকাপ) — ৮৮ মিনিট

ক্যারিয়ারে এখন পর্যন্ত মেরিনোর মোট ৩৫ গোলের মধ্যে ১২টিই এসেছে ম্যাচের ৮০ মিনিটের পর, যা তার মোট গোলের ৩৪.৩ শতাংশ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে অন্তত ৩০ গোল করা ফুটবলারদের মধ্যে শেষ মুহূর্তে গোল করার হারে এটি চতুর্থ সর্বোচ্চ।

বিশ্বকাপের সেমিফাইনালে আজ ফ্রান্সের বিপক্ষে স্পেনের লড়াইয়ে আবারও শেষ মুহূর্তের ত্রাতা হয়ে উঠতে পারেন মিকেল মেরিনো। তার ওপরই বড় ভরসা রাখছে স্পেন শিবির।