ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।
ম্যাচটি ঘিরে দুই দলের সামনেই রয়েছে বিশেষ উপলক্ষ। স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল গতকাল ১৯ বছরে পা দিয়েছেন। অন্যদিকে, ১৪ জুলাই ফ্রান্সের জাতীয় ও বাস্তিল দিবস। তাই সেমিফাইনালের রাতটি কার জন্য উৎসবমুখর হবে—‘বার্থডে বয়’ ইয়ামালের স্পেন, নাকি জাতীয় দিবসে মাঠে নামা ফ্রান্স—সেই প্রশ্নই এখন ফুটবলপ্রেমীদের আলোচনায়।
দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান রানার্সআপ ফ্রান্সের সামনে রয়েছে নতুন ইতিহাস গড়ার সুযোগ। স্পেনকে হারাতে পারলে পশ্চিম জার্মানির পর দ্বিতীয় ইউরোপীয় দল হিসেবে টানা তিনটি বিশ্বকাপের ফাইনালে ওঠার কীর্তি গড়বে ‘লে ব্লু’।
অন্যদিকে, বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন আত্মবিশ্বাসে উজ্জ্বল। ২০২৪ ইউরোর সেমিফাইনাল এবং ২০২৫ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল লা রোজা। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় তারা।
ফ্রান্স ও স্পেনের এই লড়াইকে আধুনিক ফুটবলের অন্যতম ধ্রুপদি দ্বৈরথ বলা হয়। ফরাসিরা যেখানে দ্রুতগতির পাল্টা আক্রমণে ভরসা রাখে, সেখানে স্পেনের শক্তি বলের দখল ধরে রেখে নিয়ন্ত্রিত ফুটবল খেলা।
চলতি বিশ্বকাপে আক্রমণভাগে সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি ফ্রান্স। অধিনায়ক কিলিয়ান এমবাপে পাঁচ ম্যাচে আট গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে রয়েছেন। উসমান দেম্বেলের ঝুলিতে রয়েছে পাঁচ গোল। ব্র্যাডলি বারকোলা করেছেন দুটি গোল, আর পাঁচটি অ্যাসিস্ট নিয়ে দলের সেরা প্লেমেকার মাইকেল অলিসে।

মন্তব্য করুন