দেশের বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণ, আকস্মিক বন্যা ও পাহাড়ধসে সৃষ্ট মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
সোমবার (১৩ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দেশের চলমান দুর্যোগ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
ফারিণ লিখেছেন, দেশের বিভিন্ন এলাকায় মানুষ প্রাণ হারাচ্ছেন, বন্যার পানিতে মরদেহ ভেসে যাচ্ছে এবং অসংখ্য পরিবার খাবার ও নিরাপদ আশ্রয়ের সংকটে দিন কাটাচ্ছে। এমন কঠিন পরিস্থিতির মধ্যেও অনেক মানুষকে পরীক্ষা দিতে ও কর্মস্থলে যেতে হচ্ছে, যা তাকে গভীরভাবে ব্যথিত করেছে।
তিনি আরও বলেন, যাদের মাথার ওপর নিরাপদ ছাদ রয়েছে, ঘরে বিদ্যুৎ আছে এবং খাবারের কোনো সংকট নেই, তাদের নিজেদের সৌভাগ্যবান মনে করা উচিত। একই সঙ্গে সামর্থ্য অনুযায়ী সবাইকে বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অভিনেত্রীর এই মানবিক বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তার পোস্টে মন্তব্য করে অনেকেই বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন অনেক অনুসারী।

মন্তব্য করুন