https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। ব্যক্তিগত ব্লগে লেখা এক দীর্ঘ পোস্টে তিনি টুর্নামেন্টের অদ্ভুত ম্যাচসূচি, বিতর্কিত রেফারিং এবং নতুন দলগুলোর চমকপ্রদ পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেছেন।
পোস্টের শুরুতেই বিশ্বকাপের ম্যাচের সময়সূচি তার দৈনন্দিন জীবনযাত্রায় কী ধরনের প্রভাব ফেলছে, তা তুলে ধরেন অমিতাভ। তিনি লেখেন, ম্যাচগুলোর সময় এমনভাবে নির্ধারিত হয়েছে যে দিন-রাতের হিসাবই যেন এলোমেলো হয়ে গেছে। তবুও ফুটবলপ্রেমের টানেই খেলা দেখা চালিয়ে যাচ্ছেন।
মাঠের রেফারিং নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই বর্ষীয়ান অভিনেতা। তার ভাষায়, খেলা দেখতে গিয়ে যেমন আনন্দ হয়, তেমনি কিছু সিদ্ধান্ত হতাশাও তৈরি করে। বিশেষ করে এক দলের ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত এবং অন্য দলের ক্ষেত্রে ভিন্ন আচরণ চোখে পড়ে বলে মন্তব্য করেন তিনি।
চলতি বিশ্বকাপে শক্তিশালী ও ঐতিহ্যবাহী কয়েকটি দলের অপ্রত্যাশিত বিদায়ে বিস্ময় প্রকাশ করেন অমিতাভ বচ্চন। একই সঙ্গে যেসব দলকে আগে কেউ শিরোপার দৌড়ে ভাবেনি, তাদের লড়াকু মানসিকতা ও সাফল্যের প্রশংসা করেন তিনি।
ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদাহরণ টেনে তিনি বলেন, ক্লাব পর্যায়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও জাতীয় দলের জার্সি গায়ে খেলতে নামলে ফুটবলাররা ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা ভুলে দেশের জন্য একসঙ্গে লড়াই করেন। এর জন্য মানসিক দৃঢ়তা প্রয়োজন বলে মনে করেন তিনি।
তরুণ ফুটবলারদের ভূয়সী প্রশংসা করে অমিতাভ লেখেন, প্রতিটি বিশ্বকাপেই নতুন প্রতিভার উত্থান দেখা যায়। মাত্র ১৭ বা ১৮ বছর বয়সে একটি দেশের প্রতিনিধিত্ব করার সক্ষমতা সত্যিই বিস্ময়কর।
ব্লগের শেষাংশে সময়ের পরিবর্তন নিয়ে নিজের উপলব্ধির কথাও তুলে ধরেন তিনি। তার মতে, সময়ের সঙ্গে পৃথিবী বদলাচ্ছে, বদলাচ্ছে নিয়মকানুন ও চিন্তার ধরন। নতুন প্রজন্ম সেই পরিবর্তনের সঙ্গে সহজেই নিজেদের মানিয়ে নিচ্ছে, যা সমাজের স্বাভাবিক অগ্রগতিরই অংশ।