https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
তৃতীয় বিয়ের পর নানা আলোচনা-সমালোচনার মধ্যে প্রথমবারের মতো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা আমির খান। তিনি জানিয়েছেন, তাঁর বর্তমান স্ত্রী গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ে হয়েছে বিশেষ বিবাহ আইনের আওতায় এবং এ বিয়েতে ধর্ম পরিবর্তনের কোনো প্রশ্নই ওঠেনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান বলেন, তাঁর তিন স্ত্রী—রিনা দত্ত, কিরণ রাও এবং গৌরী স্প্র্যাট—কেউই বিয়ের কারণে ধর্ম পরিবর্তন করেননি। তিনি বলেন, তাঁদের বিয়ে ছিল একটি সিভিল ম্যারেজ এবং এতে ধর্মীয় কোনো বাধ্যবাধকতা ছিল না।
আমিরের ভাষায়, গৌরী, কিরণ বা রিনা—কেউই নিজেদের ধর্ম পরিবর্তন করেননি। আমাদের বিয়ে হয়েছিল বিশেষ বিবাহ আইনের মাধ্যমে। গৌরী হিন্দু নন, তিনি খ্রিস্টান। তবে তিনি ধর্মীয় আচারও বিশেষ পালন করেন না। সময়ের সঙ্গে সঙ্গে জীবনটা যেন আরও হাস্যকর হয়ে উঠছে।
গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলে নিজের বাসভবনে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। এটি তাঁর তৃতীয় বিয়ে।
এর আগে ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। দীর্ঘ বৈবাহিক জীবনের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। প্রায় ১৬ বছর সংসার করার পর ২০২১ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। তবে বিচ্ছেদের পরও একমাত্র ছেলে আজাদের যৌথ অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন আমির খান ও কিরণ রাও।
তৃতীয় বিয়ের পর ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই আমিরের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।