ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের ফাইনাল ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে এবারের শিরোপা নির্ধারণী ম্যাচ শুধু বিশ্বকাপের ফাইনালই নয়, ফুটবলপ্রেমীদের জন্য নিয়ে আসছে স্থগিত হয়ে যাওয়া ফিনালিসিমারও স্বাদ।
একদিকে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। নিয়ম অনুযায়ী, দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠ দল ও ইউরোপের সেরা দলের মুখোমুখি হওয়ার কথা ছিল ‘ফিনালিসিমা’য়। কিন্তু সেই বহুল প্রতীক্ষিত লড়াই আর মাঠে গড়ায়নি।
২০২৪ সালে ইউরো জিতে স্পেন এবং একই বছরে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে লিওনেল মেসির আর্জেন্টিনা। এরপর উয়েফা ও কনমেবলের যৌথ উদ্যোগে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের মধ্যে ফিনালিসিমা আয়োজনের পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে যায়।
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি, বিশেষ করে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতজনিত নিরাপত্তা উদ্বেগ এবং আন্তর্জাতিক ভ্রমণ জটিলতার কারণে ম্যাচটির ভেন্যু ও সূচি চূড়ান্ত করা সম্ভব হয়নি। খেলোয়াড়দের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আয়োজকরা ফিনালিসিমা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
এই সিদ্ধান্তে হতাশ হয়েছিলেন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা। লামিনে ইয়ামালের নেতৃত্বে স্পেনের তরুণ দল এবং লিওনেল মেসির অভিজ্ঞ আর্জেন্টিনার লড়াই দেখার অপেক্ষায় ছিলেন কোটি কোটি দর্শক।
তবে সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে। ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা, আর ফ্রান্সকে পরাজিত করে শিরোপা নির্ধারণী লড়াইয়ে জায়গা নিশ্চিত করেছে স্পেন।
ফলে বিশ্বকাপের ট্রফির পাশাপাশি এই ম্যাচে নির্ধারিত হবে ইউরোপ ও দক্ষিণ আমেরিয়ার দুই বর্তমান মহাদেশীয় চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বও। অর্থাৎ, এক ম্যাচেই ফুটবলপ্রেমীরা উপভোগ করবেন বিশ্বকাপ ফাইনাল এবং স্থগিত হয়ে যাওয়া ফিনালিসিমার আবহ।
এ কারণেই আর্জেন্টিনা-স্পেনের এই মহারণকে অনেকেই বলছেন, ‘এক ম্যাচে দুই ফাইনালের স্বাদ।’

মন্তব্য করুন