বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর উদযাপনের সময় রাজনৈতিক বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শন করায় শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে রাজনৈতিক বার্তা প্রদর্শন নিষিদ্ধ।
ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর মাঠে উদযাপনের সময় আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। এর অর্থ, ‘ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার।’
ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে বহু বছর ধরে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে বিরোধ চলছে। ১৯৮২ সালে এই দ্বীপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ৭৪ দিনের যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে ৬৫৫ জন আর্জেন্টাইন সেনা, ২৫৫ জন ব্রিটিশ সেনা এবং দ্বীপপুঞ্জের তিনজন বাসিন্দা নিহত হন।
ফিফার বিধিমালা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড়দের পোশাক, সরঞ্জাম কিংবা উদযাপনের সময় কোনো ধরনের রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা প্রদর্শন করা যায় না। এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট খেলোয়াড়, দল কিংবা জাতীয় ফুটবল সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে ফিফার।
আর্জেন্টিনার ক্ষেত্রে এমন ঘটনা এই প্রথম নয়। ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা।

মন্তব্য করুন