বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর ‘র্যাঞ্চো’ চরিত্রের বাস্তব অনুপ্রেরণা হিসেবে পরিচিত শিক্ষাবিদ ও উদ্ভাবক সোনম ওয়াংচুকের আমরণ অনশন ঘিরে ভারতজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তিনি টানা প্রায় তিন সপ্তাহ ধরে অনশন চালিয়ে যাচ্ছেন।
গত ২৮ জুন নয়াদিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। প্রথমে এটি ব্যক্তিগত প্রতিবাদ হিসেবে শুরু হলেও পরে তা দেশব্যাপী আন্দোলনের রূপ নেয়। তার দাবির প্রতি সংহতি জানিয়েছেন রাজনীতিক, শিক্ষাবিদ, শিল্পী, লেখক, সমাজকর্মী ও শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকেও তাকে অনশন ভাঙার আহ্বান জানানো হয়েছে।
প্রকৌশলী, শিক্ষাবিদ, উদ্ভাবক, পরিবেশকর্মী এবং র্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত সোনম ওয়াংচুক দীর্ঘদিন ধরে ভারতের শিক্ষা ও পরিবেশ নিয়ে কাজ করছেন। আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’ চলচ্চিত্রের ‘র্যাঞ্চো’ চরিত্রটি তার জীবন থেকে অনুপ্রাণিত বলেই ব্যাপকভাবে পরিচিত।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতে সরকারি চাকরি ও বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল এবং নানা অনিয়মের অভিযোগ সামনে আসে। এসব ঘটনায় লাখো পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পরিস্থিতির নিরপেক্ষ তদন্ত, শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতেই অনশন শুরু করেন ওয়াংচুক।
তার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা মহুয়া মৈত্র, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আতিশী, মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, ভারতের কমিউনিস্ট পার্টির নেতা অমর রামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এছাড়া ‘থ্রি ইডিয়টস’ চলচ্চিত্রে ‘চতুর রামালিঙ্গম’ চরিত্রে অভিনয় করা অভিনেতা ওমি বৈদ্য এক ভিডিও বার্তায় সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আন্দোলনকারীরা আগামী ২০ জুলাই ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিন শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়েছেন। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আন্দোলনের স্বেচ্ছাসেবকদের দাবি, অনশনের ১৮ দিনে সোনম ওয়াংচুকের ওজন প্রায় সাড়ে ৮ কেজি কমেছে এবং তার রক্তচাপও নেমে গেছে। চিকিৎসকেরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলেও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।
তবে নিজের অবস্থানে অনড় সোনম ওয়াংচুক জানিয়েছেন, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপ না দেখা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।

মন্তব্য করুন