সব আনুষ্ঠানিকতা শেষে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবেদুর রহমান সিকদার। বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বে যোগ দেন।
ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৯ জুন বাংলাদেশ ব্যাংক তাকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের জন্য অনাপত্তিপত্র দেয়। তারও আগে ২৩ জুন পরিচালনা পর্ষদের সভায় তার নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি দায়িত্ব গ্রহণ করলেন।
দীর্ঘদিন পূর্ণকালীন ব্যবস্থাপনা পরিচালক না থাকায় সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অনেকটাই ধীরগতিতে চলছিল। সংশ্লিষ্টদের আশা, নতুন এমডির নেতৃত্বে একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের পুনর্গঠন কার্যক্রম আরও গতিশীল হবে।
এই ব্যাংকের আওতায় একীভূত হয়েছে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংকের সম্পদ, দায়, জনবল ও প্রযুক্তিগত অবকাঠামো একীভূত করার কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া বড় অঙ্কের লেনদেন অনুমোদন, পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন, নতুন সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করা এবং আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াও নতুন নেতৃত্বে আরও গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আর্থিক সংকটে পড়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫-এর আওতায় এনে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা ব্যাংকটিতে সরকারের অংশীদারিত্ব ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমার বিপরীতে শেয়ারে রূপান্তর করা হয়েছে। গত বছরের ৩০ নভেম্বর ব্যাংকটি কার্যক্রম পরিচালনার চূড়ান্ত অনুমোদন পায়।
বর্তমানে আমানত সুরক্ষা আইন, ২০২৬-এর আওতায় গ্রাহকদের প্রাথমিকভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পরিশোধের কার্যক্রম চলছে।

মন্তব্য করুন