সিলেটের বিশ্বনাথে অটোরিকশার এক নারী যাত্রীকে কৌশলে নির্জন বাড়িতে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত আটটার দিকে ৩৬ বছর বয়সী ওই নারী দক্ষিণ সুরমার চণ্ডীপুর এলাকা থেকে ছাতকের উদ্দেশে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অভিযোগ রয়েছে, চালক তাকে গন্তব্যে না নিয়ে বিশ্বনাথ উপজেলার আলমনগর গ্রামের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে কয়েকজন মিলে তাকে আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ভুক্তভোগী নারী পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

এ ঘটনায় বুধবার সকালে ভুক্তভোগী নারী চারজনের নাম উল্লেখ করে এবং আরও একজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামি গয়াছ মিয়া ওরফে গেদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।