https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ব্যক্তিত্ব ও বিনয়ী আচরণের প্রশংসা করেছেন অভিনেতা বিবেক ওবেরয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বজোড়া খ্যাতি অর্জন করলেও শাহরুখের মধ্যে কোনো অহংকার নেই, বরং তিনি সবসময়ই সবার সঙ্গে আন্তরিকভাবে মিশে চলেন।
বিবেক জানান, স্কুল-কলেজ জীবন থেকেই তিনি শাহরুখ খানের ভক্ত। শুধু অভিনয় নয়, জীবন ও বিভিন্ন বিষয়ে শাহরুখের দৃষ্টিভঙ্গিও তাকে অনুপ্রাণিত করেছে। পরবর্তীতে ব্যক্তিগতভাবে পরিচয় হওয়ার পর কিং খানকে বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও পথপ্রদর্শক হিসেবে পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
শাহরুখের বিনয়ী স্বভাবের একটি ঘটনার কথা তুলে ধরে বিবেক বলেন, ‘তিনি সবসময় আমাকে শুধু ভালোবাসাই দিয়েছেন। আমি অন্যদের থেকে অনুপ্রেরণা নিতে ভালোবাসি। শাহরুখের মতো মানুষ সত্যিই অসাধারণ।’
তিনি আরও জানান, এক অনুষ্ঠানে শাহরুখ নিজের ছোট ছেলে আব্রামকে নিয়ে অন্য শিশুদের সঙ্গে মাটিতে বসে সময় কাটিয়েছিলেন। সেখানে তিনি অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে গল্প করেন।
বিবেকের মতে, বিশ্বখ্যাত তারকা হওয়ার পরও সাধারণ মানুষের মতো সবার সঙ্গে মিশে যাওয়ার এই গুণই শাহরুখ খানকে অন্যদের থেকে আলাদা এবং আরও বেশি সম্মানিত করে তুলেছে।