https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন। ইউটিউবে মুক্তি পাওয়া তার বহু নাটক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। সম্প্রতি ‘কাজল চোখের মেয়ে’ নাটক দিয়েও আলোচনায় রয়েছেন তিনি।
নাটকে ধারাবাহিক সাফল্যের পর গত কয়েকটি ঈদ থেকেই সিনেমায় অভিনয়ের একাধিক প্রস্তাব পেয়েছেন তটিনী। তবে এখনই বড় পর্দায় অভিষেকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তটিনী বলেন, ‘গত দুই ঈদ থেকেই অনেক সিনেমার প্রস্তাব পাচ্ছি। কিন্তু এখন সিনেমায় যেতে চাই না। তবে শৈল্পিক ঘরানার সিনেমায় অভিনয়ের ইচ্ছা আছে। সেটা এখন নয়। এখন আমি নাটক নিয়েই ভালো আছি। কাজ করছি, শিখছি, নিজেকে আরও যোগ্য করে তখন সময় আসবে।’
বাণিজ্যিক সিনেমায় অভিনয় না করার কারণও ব্যাখ্যা করেন তিনি। তটিনীর ভাষ্য, ‘বাণিজ্যিক সিনেমার পরিসর অনেক বড়। সেখানে আমি কী, সেটা ভালোই বুঝতে পারি। এর জন্য যে অভিনয়, নাচ ও গ্ল্যামার প্রয়োজন, সেগুলো আমার মধ্যে আছে—এমন দাবি করি না। আপাতত নাটকেই ভালো আছি।’
তার মতে, একজন শিল্পীর জন্য জনপ্রিয়তার চেয়ে নিজেকে প্রস্তুত করা বেশি গুরুত্বপূর্ণ। তাই তাড়াহুড়ো করে বড় পর্দায় না গিয়ে অভিনয়ে আরও দক্ষ হয়ে সঠিক সময়ের অপেক্ষা করতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।
বর্তমানে ছোট পর্দার বিভিন্ন নাটকের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তানজিম সাইয়ারা তটিনী। দর্শকদের প্রত্যাশা, পর্যাপ্ত প্রস্তুতি শেষে ভবিষ্যতে বড় পর্দাতেও নিজের অভিনয়ের স্বাক্ষর রাখবেন এই জনপ্রিয় অভিনেত্রী।