https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তিনি বলেন, এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে, যাতে আবাসন খাত পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্তভাবে বিকশিত হতে পারে। তিনি আরও জানান, এ খাতে কোনো ধরনের অনিয়ম রোধে ইতোমধ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আরও কার্যকর উদ্যোগ বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস-সচিব গাজী শাহরিয়ার পামির জানান, বৈঠকে দেশের আবাসন শিল্পের বর্তমান অবস্থা, পরিকল্পিত নগরায়নের চ্যালেঞ্জ, ড্যাপ বাস্তবায়ন-সংক্রান্ত বাস্তব সমস্যা এবং খাতটির দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে রিহ্যাবের পক্ষ থেকে জমি, প্লট ও ফ্ল্যাট নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি জানানো হয়। পাশাপাশি আবাসন খাতের সব সরকারি সেবা ডিজিটাল করার আহ্বান জানানো হয়। এছাড়া ভবনের ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) যৌক্তিকভাবে নির্ধারণ এবং রাজধানীর সীমিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে উলম্ব নগরায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, নগরায়ন শুধু ঢাকাকেন্দ্রিক হলে চলবে না; দেশের অন্যান্য অঞ্চলকেও সমান গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে কৃষিজমি সংরক্ষণ করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপরও তিনি গুরুত্ব দেন।
বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল, সহ-সভাপতি আবু খালিদ মোহাম্মদ বারকাতুল্লাহসহ আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।