https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশের বাজারে বিক্রি হওয়া অধিকাংশ টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক থাকার অভিযোগ তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার এ-সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিন সদস্যের একটি বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন এবং এ বিষয়ে রুল জারি করেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্ত কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ বিজ্ঞান গবেষণাগারের (সায়েন্স ল্যাবরেটরি) একজন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) একজন বিশেষজ্ঞ থাকবেন।
রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন।
সম্প্রতি পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) দেশের বাজারে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে। সংস্থাটির গবেষণায় ২৬টি নমুনায়, অর্থাৎ প্রায় ৭৬ দশমিক ৫ শতাংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।