https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশব্যাপী বিশেষ অভিযান ও নিয়মিত পুলিশি কার্যক্রমে মোট ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, গ্রেফতার হওয়াদের মধ্যে চলমান বিশেষ অভিযানে ৩৯ হাজার ২৬৭ জন এবং বিভিন্ন ফৌজদারি মামলা ও নিয়মিত অভিযানে ১ লাখ ২ হাজার ৭২২ জন রয়েছেন।
এ সময় পুলিশের অভিযানে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, প্রায় ২ দশমিক ২৫ কেজি গানপাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি বোমা ও অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১০১টি পিস্তল, ৩৫টি শুটারগান, ৩৮টি এলজি, ১৯টি রিভলভার, ৯২টি রাইফেল ও শটগান, ১৫টি পাইপগান, ৭টি শটগান, ৩টি রাইফেল, ২টি সাবমেশিনগান (এসএমজি), ১২টি এয়ারগান এবং একটি পেনগান।
এ ছাড়া অভিযানে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬টি ইয়াবা ট্যাবলেট, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশীয় মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা এবং অন্যান্য অবৈধ মাদক উদ্ধার করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, এসব মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৪ হাজার ৮২১ জনকে গ্রেফতার করা হয়েছে।