https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
২০২৬ বিশ্বকাপ ঘিরে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তিনি দাবি করেছেন, আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় অর্থায়ন করছে ব্রাজিল সরকার। একই সঙ্গে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টিকেও এই প্রচারণার অর্থদাতা হিসেবে অভিযুক্ত করেছেন তিনি। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
রেডিও মিত্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলেই বলেন, আর্জেন্টিনাবিরোধী প্রচারণার মোট অর্থায়নের ২৫ শতাংশই ব্রাজিল সরকারের কাছ থেকে এসেছে। তার অভিযোগ, এরপর একই সরকার আবার অন্যদের হস্তক্ষেপের বিষয়ে নৈতিকতা শেখানোর চেষ্টা করছে।
তিনি আরও দাবি করেন, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টিও এই প্রচারণায় অর্থ দিয়েছে। মিলেইর ভাষ্য, এসব ‘প্রগতিশীল’ রাজনৈতিক শক্তি স্বাধীনতার ধারণার সাফল্য দেখতে চায় না।
বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনাকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছে। দলটি টুর্নামেন্টে বাড়তি সুবিধা পেয়েছে—এমন অভিযোগের পাশাপাশি ফাইনালে স্পেনের বিপক্ষে উত্তেজনাপূর্ণ আচরণ এবং মাঠে হাতাহাতির ঘটনাও ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এছাড়া ইসরায়েলের প্রতি মিলেইয়ের প্রকাশ্য সমর্থন ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা হয়েছে।
তবে এসব সমালোচনা প্রত্যাখ্যান করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তিনি দাবি করেন, আর্জেন্টিনাকে ঘিরে সমালোচনার মূল কারণ ঈর্ষা।
এক পোস্টে মিলেই লেখেন, তোমার যদি শত্রু থাকে, তার মানে তুমি কোনো না কোনো সময় কোনো কিছুর পক্ষে দাঁড়িয়েছ। আমরা আর্জেন্টিনার পক্ষে দাঁড়াই।
আরেক পোস্টে তিনি বলেন, আর্জেন্টিনার সমস্যা হলো আমরা আলাদা করে নজর কাড়ি। আমরা কখনোই চোখ এড়িয়ে যাই না। মানুষ আমাদের হিংসা করে, কারণ আমরা প্রায় সবকিছুতেই ভালো।