https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বুধবার প্রধান দুই ধরনের অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, এসব গোষ্ঠী সাম্প্রতিক সময়ে দুই ডজনের বেশি ড্রোন হামলা চালিয়েছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনা ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হামলার নির্দেশদাতা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করেই এ অভিযান চালানো হয়েছে।
অন্যদিকে, ইরান জানিয়েছে তারা হরমুজ প্রণালীতে তিনটি তেলবাহী জাহাজ আটকে দিয়েছে। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবহন হওয়ায় ঘটনাটি জ্বালানি বাজারে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
জুলাই মাসজুড়ে ব্রেন্ট ক্রুডের দামে বড় ধরনের ওঠানামা দেখা গেছে। মাসের শুরুতে ব্যারেলপ্রতি প্রায় ৭২ ডলার থেকে দাম বেড়ে গত সপ্তাহে ১০০ ডলারেরও বেশি হয়েছিল। পরে সাময়িক বিরতিতে কিছুটা কমলেও সর্বশেষ উত্তেজনায় আবারও দাম বাড়তে শুরু করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আসন্ন নীতিগত সিদ্ধান্তের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা। অনেকের আশঙ্কা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিতে পারে ফেড।
অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ায় বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের শেয়ার দরপতন অব্যাহত রয়েছে। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনের সাংহাই ইউলিয়াংশেং এমন একটি চিপ প্রযুক্তির বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে, যেখানে এতদিন নেদারল্যান্ডসের এএসএমএলের আধিপত্য ছিল।
এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে। কসপি সূচক ৬ শতাংশের বেশি কমেছে। একই সঙ্গে এসকে হাইনিক্সের শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ এবং স্যামসাংয়ের শেয়ার ৬ শতাংশের বেশি কমেছে।
এপ্রিল-জুন প্রান্তিকে এসকে হাইনিক্সের পরিচালন মুনাফা ও রাজস্ব প্রত্যাশার চেয়ে কম হওয়াও বিনিয়োগকারীদের হতাশ করেছে। যদিও একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা ১ হাজার ২৪২ শতাংশ বেড়েছে। এনভিডিয়ার জন্য হাই-ব্যান্ডউইডথ মেমোরি (এইচবিএম) চিপের অন্যতম প্রধান সরবরাহকারী হওয়া সত্ত্বেও এক মাসের ব্যবধানে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম রেকর্ড উচ্চতা থেকে ৫০ শতাংশের বেশি কমে গেছে।