https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কাউকে ‘শ্যোন অ্যারেস্ট’, গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না—হাইকোর্টের দেওয়া এই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।
এর আগে হাইকোর্ট কয়েকজন আবেদনকারীর ক্ষেত্রে রায় দিয়ে বলেন, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’, গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না।
পাশাপাশি আবেদনকারীকে বারবার ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো এবং হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর পদক্ষেপ কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অকার্যকর ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে আবেদনকারীর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাকে ‘শ্যোন অ্যারেস্ট’, গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়।
পরবর্তীতে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।