https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট দায়ের করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আদালত এক মাসের মধ্যে এ অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে নির্দেশ দিয়েছেন। জমাকৃত অর্থ জুলাই গণআন্দোলনে আহত যোদ্ধাদের চিকিৎসা ও কল্যাণে ব্যয় করা হবে।
বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল জানান, একই বিষয়ে জিপিএইচ ইস্পাত আগে হাইকোর্টে রিট করে আদেশ পেলেও সেই আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছিলেন। এরপরও প্রতিষ্ঠানটি নিম্ন আদালতে নতুন মামলা করে এবং হাইকোর্টে নিষেধাজ্ঞা চাইতে গিয়ে আগের রিট, আপিল বিভাগের স্থগিতাদেশ ও চলমান কার্যক্রমের তথ্য গোপন করে।
তিনি বলেন, আদালতের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আদেশ নেওয়ার চেষ্টা আদালতের সঙ্গে প্রতারণার শামিল। বিষয়টি আদালতের নজরে আনা হলে রিটকারী পক্ষের আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং দাবি করেন, আগের মামলার তথ্য তাদের জানানো হয়নি।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আদালতের প্রতি অসততা ও তথ্য গোপনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করা হয়েছিল। আদালত সেই আবেদন গ্রহণ করে জিপিএইচ ইস্পাতকে এক মাসের মধ্যে ৫ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, এই অর্থ জুলাই গণআন্দোলনে আহতদের চিকিৎসা ও কল্যাণে ব্যয় করা হবে।
তিনি বলেন, আদালতের এই আদেশ তথ্য গোপন ও আদালতকে বিভ্রান্ত করার বিরুদ্ধে একটি কঠোর বার্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতের দৃঢ় অবস্থানের প্রতিফলন।