https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও মাদকবিরোধী নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, স্বর্ণালংকার ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত অভিযানে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১২২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মতিঝিল বিভাগ থেকে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, উত্তরা বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৩৫ জন, রমনা বিভাগে ৩৪ জন এবং ডিবি ৮ জনকে গ্রেপ্তার করে।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০৭ কেজি গাঁজা, ২৫ পিস ইয়াবা, ৮ ভরি ১৩ আনা ৫ রতি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, ৯টি মোবাইল ফোন এবং ২টি পুরোনো মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপহৃত একজন ভুক্তভোগীকেও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধ ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।