https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চলন্ত প্রাইভেটকার লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ব্যবসায়ী এস এম শহীদুল্লাহ রনি। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতা ও ব্যবসায়িক বিরোধের জেরেই এ হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর চারাবটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
হামলার শিকার এস এম শহীদুল্লাহ রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদীখীল এলাকার বাসিন্দা। তিনি বিএনপি নেতা এস এম শফির ছেলে এবং রাউজান এলাকায় একাধিক ইটভাটার ব্যবসার সঙ্গে যুক্ত।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চট্টগ্রাম শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন শহীদুল্লাহ। সাধারণত তাঁর চালক গাড়ি চালালেও সেদিন তিনি নিজেই স্টিয়ারিংয়ে ছিলেন। পথে ইছাপুর চারাবটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাঁর গাড়ির গতিরোধের চেষ্টা করে। একপর্যায়ে তারা ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি গাড়ি লক্ষ্য করে পরপর গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার বর্ণনা দিয়ে শহীদুল্লাহ বলেন, দুর্বৃত্তরা ইট ছোড়ার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত গাড়ির হেডলাইট বন্ধ করে দেন। অন্ধকারে হামলাকারীরা বুঝতে পারেনি তিনি নিজেই গাড়ি চালাচ্ছেন। তারা ধারণা করে তিনি আগের মতো পেছনের আসনে বসে আছেন এবং সেই অংশ লক্ষ্য করেই গুলি চালায়। ফলে গাড়ির পেছনের অংশে গুলি লাগলেও তিনি অক্ষত থাকেন।
তিনি আরও জানান, ব্যবসা নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর আগেও আমান বাজার এলাকায় তাঁর বাসভবনে হামলার ঘটনা ঘটেছিল।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে পূর্বশত্রুতা ও ব্যবসায়িক বিরোধের কথা জানিয়েছেন। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।