https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে এই প্রত্যাবাসন কবে শুরু হবে বা কতদিনে সম্পন্ন হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি।
বুধবার দেওয়া এক বক্তব্যে আনোয়ার ইব্রাহিম জানান, মিয়ানমারের সঙ্গে আলোচনার ভিত্তিতে মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকেও প্রাথমিকভাবে ফেরত নিতে সম্মত হয়েছে দেশটি।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি, মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে-এর বরাত দিয়ে জানিয়েছে, মিয়ানমারের এই সম্মতিকে রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
আনোয়ার ইব্রাহিম বলেন, অনেকেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কথা বলেন, কিন্তু মিয়ানমার এতদিন তাদের ফিরিয়ে নিতে রাজি ছিল না। তিনি উল্লেখ করেন, মিয়ানমারের সঙ্গে মালয়েশিয়ার সুসম্পর্কের ফলেই প্রথম ধাপে ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে দেশটি সম্মত হয়েছে।
তিনি আরও জানান, একই আলোচনার ধারাবাহিকতায় বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গাকেও ফেরত নিতে সম্মতি দিয়েছে মিয়ানমার।
এর আগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার কার্যালয়ের সামনে শতাধিক রোহিঙ্গা জড়ো হলে কর্তৃপক্ষ তাদের কুয়ালালামপুর, সেলাঙ্গর ও পেনাংয়ের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করে।
আনোয়ার ইব্রাহিম বলেন, আঞ্চলিক রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে মালয়েশিয়া।