https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বান্দরবানের রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০) নামে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জামির উদ্দিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা এলাকার বাসিন্দা এবং রোকাইয়া আক্তার ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ২৯ জুলাই রাতে ছয়টি মোটরসাইকেলে ১০ জনের একটি পর্যটক দল ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওনা হয়ে রুমায় পৌঁছায়। বৃহস্পতিবার দুপুরে তারা বগালেক এলাকার একটি কটেজে ওঠেন। পরে বিকেলে সবাই বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। ছবি তোলা শেষে আটজন ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে একটি মোটরসাইকেলে ভিউ পয়েন্টের সামনে এগিয়ে যান।
বিষয়টি জানতে পেরে গাইড সেনাবাহিনীকে অবহিত করেন। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভিউ পয়েন্টসংলগ্ন পাহাড়ি খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।