https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে মো. শিপন নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর তিনি নিজেই কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে কাঁঠালবাগান এলাকার আল-আমিন মসজিদ-সংলগ্ন একটি পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাত্রি (২০) ও তার মা ফিরোজা বেগম (৩৫)। ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, সকালে শিপনের সঙ্গে স্ত্রী রাত্রির কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মেয়ের পক্ষ নিয়ে এগিয়ে এলে শাশুড়ি ফিরোজা বেগমকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। এতে ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান ফিরোজা বেগম।
ওসি আরও জানান, ঘটনার পর অভিযুক্ত শিপন নিজেই কলাবাগান থানায় এসে আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, রাত্রির সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হলেও তারা একই বাসায় বসবাস করছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।