https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বলিউড তারকা হৃতিক রোশন ও অভিনেত্রী কঙ্গনা রানাউতের দীর্ঘদিনের আলোচিত বিরোধ আবারও নতুন করে সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ট্রেন্ডকে কেন্দ্র করে হৃতিকের প্রতিক্রিয়ার পর এবার তাকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন কঙ্গনা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উই নিড টু অ্যাপোলজাইজ টু হৃতিক’ শিরোনামের একটি ট্রেন্ড ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে হৃতিক রোশন সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমের বয়ান দেখে সিদ্ধান্ত না নিয়ে, সঠিক তথ্য ও প্রেক্ষাপটের জন্য অপেক্ষা করার আহ্বান জানান।
এর কয়েক ঘণ্টার মধ্যেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হৃতিককে উদ্দেশ্য করে প্রতিক্রিয়া জানান কঙ্গনা রানাউত। তিনি অভিযোগ করেন, তার নাম ব্যবহার করে যারা তাকে ট্রল ও হয়রানি করছেন, তাদের বিরুদ্ধে হৃতিক কোনো অবস্থান নেননি।
কঙ্গনা লেখেন, প্রিয় হৃতিক, তুমি তোমার উপযুক্ত সঙ্গী সাবা আজাদকে পেয়েছ জেনে আমি খুশি। তোমাদের দুজনকে একসঙ্গে দারুণ লাগে। তুমি এখন একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে আছ। তাই এভাবে একজন নারীকে উত্যক্ত করা তোমার মানায় না। যারা তোমার নাম ব্যবহার করে আমাকে হয়রানি করছে, তাদের নিন্দা করো। আগুনে ঘি ঢালা বন্ধ করো এবং তোমার সঙ্গীকেও বিব্রত করো না। আশা করি, তোমার শুভবুদ্ধির উদয় হবে।
এর আগে লেখক ফ্রেডি বার্ডির একটি ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করে হৃতিক লিখেছিলেন, শুধু একজনকে অপছন্দ করি বলে আরেকজনের পক্ষ নেওয়া আমাদের সমাজের বড় একটি কাঠামোগত সমস্যা। সঠিক তথ্য ও প্রেক্ষাপট সামনে এলে আমি অপেক্ষা করব। সেটাই ন্যায্য হবে।
সাম্প্রতিক এই অনলাইন বিতর্কের সূত্রপাত হয় শিক্ষার্থী আন্দোলন নিয়ে কঙ্গনার মন্তব্যকে কেন্দ্র করে। এ নিয়ে ‘ককরোচ জনতা পার্টি’র মুখপাত্র সৌরভ দাসের সঙ্গে তার প্রকাশ্য বাক্যবিনিময় হয়। ওই বিতর্কে সৌরভ দাস রসিকতা করে বলেন, বন্ধুরা তাকে তরুণ বয়সের হৃতিক রোশনের মতো দেখতে বলেই হয়তো কঙ্গনা তাকে আক্রমণ করছেন।
হৃতিক রোশন ও কঙ্গনা রানাউতের বিরোধের শুরু ২০১৬ সালে। এক সাক্ষাৎকারে কঙ্গনা হৃতিককে তার ‘সিলি এক্স’ বলে উল্লেখ করলে বিষয়টি আলোচনায় আসে। পরে হৃতিক দাবি করেন, তাদের মধ্যে কখনও প্রেমের সম্পর্ক ছিল না। এরপর আইনি নোটিশ, ই-মেইল বিতর্ক এবং পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে বিষয়টি দীর্ঘদিন ধরে বলিউডের অন্যতম আলোচিত বিরোধে পরিণত হয়। সাম্প্রতিক এই মন্তব্য-পাল্টা মন্তব্য সেই পুরোনো বিতর্ককে আবারও আলোচনায় নিয়ে এসেছে।