https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠে অবস্থিত মহারা কারাগারে ভয়াবহ দাঙ্গার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও এলিট কমান্ডো বাহিনীর শত শত সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশের উপমহাপরিদর্শক সঞ্জীব মেদাওয়াত জানান, শনিবার দাঙ্গার সময় কয়েদিরা কারাগারের একাধিক ভবন ভাঙচুর করে। এতে অন্তত একজন নিহত ও ছয়জন আহত হন। পরে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
দাঙ্গায় কারাগারের রান্নাঘর, হাসপাতাল, পুনর্বাসন ভবন ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
৪ হাজার ১০০ বন্দি থাকা মহারা কারাগারের ধারণক্ষমতা এর প্রায় চার গুণ কম। শ্রীলঙ্কার অধিকাংশ কারাগারেই অতিরিক্ত বন্দির চাপ রয়েছে। এ সংকট মোকাবিলায় গত মাসে অব্যবহৃত সরকারি ভবনগুলোকে কারাগারে রূপান্তরের পরিকল্পনা ঘোষণা করে দেশটির সরকার।
উল্লেখ্য, ২০২০ সালেও একই কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গায় ১১ বন্দি নিহত ও ১২০ জন আহত হয়েছিলেন।