https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’-তে অভিনয়ের ঘোষণা দেওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্রে কাজের পর বাণিজ্যিক ধারার এই সিনেমায় তার অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য উঠে আসে। এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন তিনি।
রোববার নিজের ফেসবুক পোস্টে বাঁধন লিখেছেন, একটা বিষয় আমি বিশ্বাস করি, আমার সংসারের খরচ তো কেউ দেয় না, আমার জীবনটাও কেউ যাপন করে না। সুতরাং, দয়া করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাকে উপদেশ দিতে আসবেন না। যাদের উপদেশ আমি বিশ্বাস করি, সম্মান করি, সেরকম মানুষ আমার জীবনে আছে।
পোস্টে তিনি জানান, গুলশানের চামেলী’-তে কাজ করার সিদ্ধান্ত সহজ ছিল না। তবে গল্প, নির্মাতা এবং পুরো টিমের সম্মান ও সহযোগিতা তাকে সিনেমাটিতে কাজ করতে উৎসাহিত করেছে।
বাঁধন লেখেন, এই সিনেমা করতে রাজি হওয়াটা আমার জন্য খুব কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু গল্পটা আমার খুব ভালো লেগেছে। শুরু থেকেই পুরো টিমের কাছ থেকে যে সম্মান ও সহযোগিতা পেয়েছি, সেটাও আমাকে মুগ্ধ করেছে।
অভিনয়জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন নির্মাতা ও প্রযোজকের সঙ্গে কাজ করে নানা অভিজ্ঞতা অর্জন করেছেন। ভালো-মন্দ সব অভিজ্ঞতাই তাকে আজকের অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।
পোস্টের শেষাংশে নিজের জীবন নিয়ে সন্তুষ্টির কথাও জানান এই অভিনেত্রী। তিনি লেখেন, আমি আমার জীবন নিয়ে সুখী। ইনশাআল্লাহ, সময়ের সঙ্গে সঙ্গে আমি এগিয়ে যাব এবং আরও সুখী হবো।
পরিচালক মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলী’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। এছাড়া অভিনয় করছেন আমিন খান, ওমর সানী, রোজিনা, আশীষ খন্দকারসহ আরও অনেকে। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।