https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে আবারও প্রকাশ্যে অবস্থান নিয়েছেন গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগো। নারী স্বাস্থ্যসেবা সংস্থা প্ল্যানড প্যারেন্টহুড-এর সরকারি অর্থায়ন বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের নারীকেন্দ্রিক সংগীত উৎসব ‘ডেইজি চেইন ফিল্ডস’-এর ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে অলিভিয়া এ বার্তা দেন। ভিডিওটির শুরুতে উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প অর্থায়ন বন্ধে আইন স্বাক্ষরের পর থেকে প্ল্যানড প্যারেন্টহুডের প্রায় ৩০টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে।
ভিডিওতে প্রথমে অলিভিয়াসহ কয়েকজন নারীকে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে তারা নাচের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে পর্দায় বার্তা দেন, ‘তবুও আমরা যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব।’
প্ল্যানড প্যারেন্টহুড যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক স্বাস্থ্যসেবা সংস্থা, যা জন্মনিয়ন্ত্রণ, গর্ভধারণ, যৌনস্বাস্থ্য এবং গর্ভপাতসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। ২০২৫ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’-এর পর সংস্থাটির সরকারি অর্থায়ন বন্ধ হয়ে যায়।
ক্যারিয়ারের শুরু থেকেই সংস্থাটির সমর্থক অলিভিয়া রদ্রিগো। এ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তিনি ‘ক্যাটালিস্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ লাভ করেন।
প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশন অব আমেরিকার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী অ্যালেক্সিস ম্যাকগিল জনসন বলেন, প্রজনন অধিকার রক্ষার আন্দোলনে অলিভিয়ার সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি নিজের জনপ্রিয়তাকে মানুষের সচেতনতা বৃদ্ধিতে কাজে লাগাচ্ছেন।
এর আগেও অভিবাসন সংস্থা আইসিই-সংক্রান্ত বিতর্কের সময় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছিলেন অলিভিয়া রদ্রিগো।