ফরিদপুরের নগরকান্দায় রোগীবাহী অ্যাম্বুলেন্স ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে অসুস্থ আলমগীর হোসেনকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। সঙ্গে ছিলেন তার ভাই, বোন ও ভাবি। পথে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হলে সেটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ পাঁচজন নিহত হন।

নিহতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার বালিয়া গ্রামের আলমগীর হোসেন (৫৮), তার বড় ভাই জাহাঙ্গীর হোসেন (৬২), বোন খুশি বেগম (৪৫), জাহাঙ্গীরের স্ত্রী মাজেদা বেগম (৫০) এবং অ্যাম্বুলেন্স চালক কাউছার হোসেন (২৫)।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে স্ট্রোক করেছিলেন আলমগীর হোসেন। তাকে চিকিৎসকের কাছে নেওয়ার পথেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।