ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম

কমছে ডলারের দাম, রেমিট্যান্সে স্বস্তি বৈদেশিক মুদ্রার বাজারে

সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
কমছে ডলারের দাম, রেমিট্যান্সে স্বস্তি বৈদেশিক মুদ্রার বাজারে

দেশের বৈদেশিক মুদ্রার বাজারে ধীরে ধীরে স্বস্তি ফিরছে। ডলারের সরবরাহ স্বাভাবিক থাকা, আমদানি ব্যয়ের চাপ কমে আসা এবং রেমিট্যান্স প্রবাহ বাড়ায় আন্তঃব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের বাজারে মার্কিন ডলারের দাম কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৬ আগস্ট আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের দাম কমে দাঁড়িয়েছে ১২২ টাকা ৬৩ পয়সায়। একই দিনে স্পট মার্কেটে ডলারের দর ছিল ১২৩ টাকা। ১৫ দিন আগে এই দর ছিল ১২৩ টাকা ৮২ পয়সা। অর্থাৎ দুই সপ্তাহে ডলারের দাম কমেছে ৮২ পয়সা।

ঋণপত্রের দায় পরিশোধে ব্যাংকগুলোকে প্রতি ডলারে দিতে হচ্ছে ১২৩ টাকা ৫ পয়সা। মাসের শুরুতে এ দর ছিল ১২৩ টাকা ৯৫ পয়সা। অর্থাৎ চলতি মাসে এ বাজারে ডলারের দাম কমেছে ৯০ পয়সা।

খাতসংশ্লিষ্টরা বলছেন, ডলারের বাজারে স্বস্তির প্রধান কারণ আমদানি দায় পরিশোধের চাপ কমে যাওয়া এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি। আগস্টের প্রথম ১২ দিনে দেশে প্রায় ১৫০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের প্রায় ১০৫ কোটি ডলারের তুলনায় ৪২ শতাংশ বেশি।

তবে ব্যাংকিং ব্যবস্থায় ডলারের দাম কমলেও খোলা বাজারে এর প্রভাব এখনো পুরোপুরি পড়েনি। রাজধানীর মানি এক্সচেঞ্জগুলোতে প্রতি ডলার ১২৬ টাকা ৬০ পয়সা থেকে ১২৬ টাকা ৭০ পয়সায় কেনা এবং ১২৭ টাকা ২০ পয়সা থেকে ১২৭ টাকা ৩০ পয়সায় বিক্রি হচ্ছে।

অর্থনীতিবিদ ও ব্যাংকারদের মতে, রেমিট্যান্সের বর্তমান প্রবাহ অব্যাহত থাকলে এবং আমদানি ব্যয়ের চাপ নিয়ন্ত্রণে থাকলে ডলারের বাজারে আরও স্থিতিশীলতা আসতে পারে। এতে আমদানিকারকদের ব্যয় কমার পাশাপাশি আমদানি-নির্ভর পণ্য ও কাঁচামালের দামেও ধীরে ধীরে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031