https://timenewsbangla.com

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) বিকেল ৩টার দিকে ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি গ্রামের বাইশফাঁড়ি বিওপি সংলগ্ন ৪২ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা সবাই স্থানীয় ভালুকিয়া পাড়ার বাসিন্দা। তারা হলেন—সুনইয়ং চাকমার ছেলে লেঠাইয়া (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংক্যামং (৫০) এবং অইমং চাকমার ছেলে চিংক্যা অং (৪০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি কক্সবাজার রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, বিষয়টি নিয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক বলেন, ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।