https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বহুল প্রতীক্ষিত বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বদলি প্রক্রিয়ায় শিক্ষকদের জন্য দেওয়া হয়েছে ১৪ দফা নির্দেশনা।
মঙ্গলবার (১৮ আগস্ট) মাউশি এ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়েছে, বদলি নীতিমালা অনুযায়ী বদলি হতে ইচ্ছুক শিক্ষকরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ২১ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে মোবাইল ফোনে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে। একজন শিক্ষক পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারী শিক্ষক সাধারণত চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় সংশ্লিষ্ট বিষয়ে পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ থাকবে।
এ ছাড়া স্বামী বা স্ত্রীর নিজ জেলা কিংবা স্বামী বা স্ত্রীর কর্মস্থলের জেলায়ও বদলির আবেদন করা যাবে। তবে এ ক্ষেত্রে স্বামী বা স্ত্রীকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত হতে হবে।
প্রাপ্ত আবেদনগুলো বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রক্রিয়া করা হবে। এরপর কর্তৃপক্ষ বদলির ভিত্তিতে পদায়নের আদেশ জারি করবে।
বদলি হওয়া শিক্ষক কোনো ধরনের টিএ বা ডিএ পাবেন না। বদলির আদেশ জারির পর ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে ওই শিক্ষককে অবমুক্ত করতে হবে। অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অবমুক্ত হওয়ার পর যোগদান পর্যন্ত সময়কে কর্মকাল হিসেবে গণ্য করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে, বদলি সফটওয়্যারে কোনো তথ্য ভুল থাকলে এর দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও আবেদনকারী শিক্ষককে ব্যক্তিগতভাবে নিতে হবে।