https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
এসএসসি ও সমমান পরীক্ষার ফলে অসন্তোষ থেকে এবার রেকর্ডসংখ্যক শিক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। লিখিত পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষার খাতা নিয়েও বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, ১১ আগস্ট থেকে শুরু হওয়া ফল পুনর্নিরীক্ষণের আবেদন সোমবার (১৭ আগস্ট) রাতে শেষ হয়েছে। নির্ধারিত সময়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
একাধিক বিষয়ের উত্তরপত্র চ্যালেঞ্জ করায় মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি। এর মধ্যে লিখিত পরীক্ষার উত্তরপত্রের জন্য ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার জন্য ২ লাখ ৩১ হাজার ৪৭১টি আবেদন জমা পড়েছে।
বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ৫৮ হাজার ১২টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
এ ছাড়া কুমিল্লা বোর্ডে ৩৫ হাজারের বেশি, রাজশাহীতে ৩৯ হাজারের বেশি, যশোরে ২৮ হাজারের বেশি, চট্টগ্রামে ৩৯ হাজারের বেশি, বরিশালে ১৭ হাজারের বেশি, সিলেটে ২০ হাজারের বেশি, দিনাজপুরে ৩৭ হাজারের বেশি এবং ময়মনসিংহে ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থীও আবেদন করেছেন।
এবারের পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় বড় পরিবর্তন এসেছে। এতদিন মূলত উত্তরপত্রে নম্বর যোগ-বিয়োগে ভুল হয়েছে কি না, তা যাচাই করা হতো। এবার উত্তরপত্র পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে আবেদনকারীর সংখ্যা বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।