গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ ১৪ জন নিহত হয়েছেন।
শুক্রবার দেশটির সামরিক বাহিনী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসায় যাওয়ার পথে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গে এলাকায় জরুরি অবতরণের চেষ্টা করে বিমানটি।
তবে সেখানে কোনো রানওয়ে না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়।
কঙ্গো সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেনগে এবং কোয়াঙ্গোর ডেপুটি গভর্নর রেমি সাকি বোকিন্দা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বিমানে থাকা সবাই নিহত হয়েছেন।
আগুনে ১২ জনের মরদেহ এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। পাইলটের মরদেহ বিমানটির ধ্বংসাবশেষের বাইরে পাওয়া যায়।
নিহতদের মধ্যে সামরিক কর্মকর্তা ছাড়াও সরকারি প্রতিনিধিদলের সদস্য ও কয়েকজন বেসামরিক নাগরিক ছিলেন।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। মধ্য আফ্রিকার খনিজসমৃদ্ধ দেশ ডিআরসিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে।

মন্তব্য করুন